ইউপি চেয়ারম্যান পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ কেন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খানের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালত রুলে আরও জানতে চেয়েছেন—ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীদের পক্ষে যুক্তি দেখানো হয় যে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ আইনি ও বিচারিক ক্ষমতা রয়েছে। এছাড়া বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও স্বচ্ছ করতে জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি বলে রিটে উল্লেখ করা হয়।