মধুপুরে গর্তে পড়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত গর্তে পড়ে থাকা ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই (টেলকি) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাবুল হাদিমা (৪৮), তার ছেলে নেইমার ম্রং, শ্যালক রতন নকরেক (২৬) এবং ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)। তারা সবাই স্থানীয় গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের একটি ছাগল বাড়ির পাশে একটি পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে পরিবারের একজন সদস্য গর্তের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে তাকে বাঁচাতে একে একে অন্য সদস্যরাও ভেতরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, গর্তের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের অভাবে তারা সবাই অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ সম্পন্ন করেছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই পরিবারের চার সদস্যের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।