ব্রিজ নেই, নৌকাই ভরসা: ধনবাড়ীর স্পঞ্জেরপুর-পঞ্চাশী পারাপারে শিক্ষার্থী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের স্পঞ্জেরপুর ও এর পার্শ্ববর্তী পঞ্চাশী গ্রামের মধ্যবর্তী স্থানে একটি সেতুর অভাবে দীর্ঘকাল ধরে চরম ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার মানুষ। শুষ্ক মৌসুমে কোনোমতে যাতায়াত করা গেলেও বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয় তাদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মিলেনি কোনো সুরাহা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্পঞ্জেরপুর গ্রামের সাথে পঞ্চাশী গ্রামের সংযোগস্থলটিতে কোনো পাকা সেতু নেই। পঞ্চাশী গ্রামের পশ্চিম পাশেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে পার্শ্ববর্তী স্পঞ্জেরপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। বর্ষার সময় এই স্থানটিতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নৌকা ছাড়া পারাপারের কোনো উপায় থাকে না।
স্থানীয় বাসিন্দারা জানান, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা নৌকাযোগে পারাপার হচ্ছেন। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত এই পথ ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয় অভিভাবকদের।
পঞ্চাশী গ্রামের এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন এলে প্রার্থীরা ব্রিজ করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে আর তাদের দেখা পাওয়া যায় না। ব্রিজ না থাকায় আমরা কৃষি পণ্য সঠিক সময়ে বাজারে নিতে পারি না, আবার ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে ভয় পায়।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্পঞ্জেরপুর ও পঞ্চাশী এলাকার সংযোগস্থলে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হোক। এটি নির্মিত হলে ধনবাড়ীর অত্র এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে গতি আসবে।