শেখ হাসিনার বক্তব্য প্রচারে তথ্য মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনা অনুসরণ করে পলাতক শেখ হাসিনার কোনো ধরনের অডিও, ভিডিও বার্তা, বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার না করার জন্য দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শুক্রবার (১০ জুলাই) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই আদালতের নির্দেশনা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের বক্তব্য, অডিও বা ভিডিও প্রচার করা আইনসম্মত নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে সব গণমাধ্যমকে দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেখ হাসিনার বক্তব্য বা সংশ্লিষ্ট কোনো অডিও-ভিডিও কনটেন্ট প্রচার ও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ৩০ জুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক সংবাদ সম্মেলনে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট নাগরিকরা আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং বিভ্রান্তি বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন কোনো কনটেন্ট প্রচার থেকে বিরত থাকবেন।