কয়েক মিনিটের বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবছে মধুপুর হাসপাতাল রোড
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার জামালপুর রোড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) পর্যন্ত সংযোগ সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। কয়েক মিনিটের বৃষ্টির পরই সড়কের বিভিন্ন অংশ হাঁটু পানিতে তলিয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়ছেন রোগী, স্বজন ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশনের কারণে এই সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারে না। ফলে হাসপাতালমুখী গুরুত্বপূর্ণ এই সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে তাদের। পানির নিচে থাকা গর্ত ও ভাঙা অংশ চোখে না পড়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন রিকশা ও ইজিবাইক চালকরা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে হাসপাতাল সড়কের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান সড়কে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে পারে না। জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।