হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে শিউলি হাসান, মাঠে জোরালো গণসংযোগ
সিঁদুর ঘোষ রাজকুমার, টাঙ্গাইল প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলি হাসান চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিউলি হাসান তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রাম, দলীয় কর্মসূচি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে পরিচিত।
দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার কারণে হাবলা ইউনিয়নে তিনি একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
শিউলি হাসান বলেন, “জনগণের সমর্থন পেলে হাবলা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হাবলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর প্রচারণার পাশাপাশি শিউলি হাসানের গণসংযোগও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।