গণসংযোগ
সিঁদুর ঘোষ রাজকুমার, টাঙ্গাইল প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা মহিলা দলের সভানেত্রী শিউলি হাসান। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিউলি হাসান তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিশ্বস্ত রাজনৈতিক কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে বলে তাঁরা দাবি করেন।
নির্বাচনকে সামনে রেখে শিউলি হাসান বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে হাবলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
এদিকে নির্বাচন ঘিরে হাবলা ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় থাকায় এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।