ধনবাড়ীর বাজারে উঠেছে সুস্বাদু কদমী লিচু
নিজস্ব প্রতিবেদক | ধনবাড়ী, টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের জনপ্রিয় ফল কদমী লিচু। রসালো ও মিষ্টি স্বাদের এই লিচু কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতারা।
বর্তমানে বাজারে প্রতি একশত কদমী লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। মৌসুমের শুরু হওয়ায় দাম কিছুটা বেশি থাকলেও ক্রেতাদের আগ্রহে কোনো কমতি নেই। ব্যবসায়ীরা জানান, আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।
স্থানীয় বাগান মালিকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। ধনবাড়ীর বিভিন্ন এলাকায় বাগানগুলোতে এখন লিচু সংগ্রহ ও বিক্রির ব্যস্ততা চলছে।
ক্রেতাদের মতে, ধনবাড়ীর কদমী লিচুর স্বাদ ও গুণগত মান অন্য এলাকার তুলনায় বেশ ভালো হওয়ায় এর চাহিদাও বেশি।